প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে কবিরহাটে ২২৫ অসহায় নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান
নোয়াখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিশেষ বরাদ্দকৃত অর্থের আওতায় নোয়াখালীর কবিরহাটে ২২৫ জন অসহায় নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ বরাদ্দ থেকে কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪৫ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ মোট ২২৫জন অসহায় নারীর হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। সঞ্চালনা করেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল।
এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
https://slotbet.online/