নোয়াখালী কবিরহাটে কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোয়াখালী-০৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও আংশিক সদর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একটি অংশ (আবেদ সমর্থক)।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে কয়েক শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম এর পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদ কে মনোনয়ন দেওয়ার দাবিতে- “পরিবর্তন চাই, কবিরহাটে মনোনয়ন চাই, আবেদ ভাই ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, অবৈধ ঘোষণা মানিনা মানবনা” সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
দেখা যায়, বিকেল ৪টার দিকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আবেদপন্থি নেতাকর্মীরা কবিরহাট কলেজের সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কবিরহাট ওয়াসিম চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, কবিরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক আবু হানিফ, সহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
কাফনের কাপড় গায়ে জড়িয়ে মিছিলে অংশ নেয়া- মো. হারুন নামের বিএনপি’রি এক সমর্থক বলেন, মানুষ বিএনপি ও ধানের শীষের সঙ্গেই থাকতে চায়, কিন্তু নেতৃত্বে পরিবর্তনও চায়। মোহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের প্রোডাক্ট। আমরা বিএনপিতে বিএনপির লোক চাই। এস আলমের দোসরকে আমরা চাইনা। তিনি বাংলাদেশের ব্যাংক খাতকে পঙ্গু করে দিয়েছেন। আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের আসনের বিএনপি প্রার্থীর পরিবর্তন চাই।